বার্তা সংস্থা আবনা : পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দলের প্রধান ইমরান খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তালেবানদের হামলায় নিহত হননি।
ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি আকস্মিকভাবে এ দাবি করলেন। ইমরান বলেন, “বেনজির ভুট্টো সুস্পষ্টভাবে সেই ব্যক্তিদের হাতে নিহত হয়েছেন যারা তার ক্ষমতায় আসার বিষয়ে দুঃশ্চিন্তায় ছিলেন।” তবে, এ বিষয়ে তার কাছে কোনো শক্ত প্রমাণ কিংবা গোপন তথ্য আছে কিনা ইমরান খান তা স্পষ্ট করেননি। বেনজির ভুট্টো হত্যা মামলা নিয়ে বর্তমানে রাওয়ালপিন্ডির সন্ত্রাস-বিরোধী আদালতে মামলা চলছে। এ নিয়ে সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফকে রিমান্ডে নিয়েছে আদালত।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন বলছে- বেনজির ভুট্টো হত্যা মামলা নিয়ে জাতিসংঘ ও ব্রিটিশ স্কটল্যান্ড ইয়ার্ড যে বক্তব্য দিয়েছে তার সঙ্গে ইমরান খানের বক্তব্য সাংঘর্ষিক।